যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
যশোর প্রতিনিধিঃ রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান' প্রতিপাদ্যে যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন যশোরের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
এ সময় ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, নাক কান গলা বিভাগের সহকারি অধ্যাপক ডা. এবিএম দেলোয়ার হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. হিমাদ্রী শেখর, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান, ডা. সেলিম রেজাসহ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মানুষ যেন মানুষের পাশে থাকে। সেটা বেঁচে থাকতে যেমন সম্ভব তেমনি মরণের পরেও সম্ভব। যেমন একজন ব্যক্তির দেওয়া রক্তে অপর একজনের জীবন বেঁচে যেতে পারে। আবার মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরেও একজন মানুষের দৃষ্টিহীন চোখ কারো পৃথিবী আলোকিত করতে পারে। তাই রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!