বেনাপোলে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে অচেতন অবস্থায় এরশাদ (৩৯) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্থানীয় প্রাইভেট কার চালকরা জানান, ওই যুবক দুটি ছোট প্যাকেটের ওষুধ এর প্রেসক্রিপশনসহ বেনাপোল চেকপোস্টের আইল্যান্ডের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে ছিল। পরে চেকপোষ্ট যাত্রী ছাউনির মাঝে তাকে নিয়ে তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে থানায় খবর দিলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, উদ্ধারকৃত যুবকের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। তার বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সে কীভাবে অসুস্থ্য হয়েছেন তা মেডিকেল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অজ্ঞান পার্টির চক্র বা ফুড পয়জনিংয়ের শিকার হয়ে থাকতে পারেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!