নিখোঁজের ১২ দিন পর উদ্ধার হলো নাফিজ
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কাদিরপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া নাফিজ হাসান জীম কে ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে উদ্ধার করে অভয়নগর থানা-পুলিশ।
উদ্ধার হওয়া নাফিজ হাসান জীম (১৩) অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গত ৯ অক্টোবর থেকে নাফিজ নিখোজ হয়। ওইদিন বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, নাফিজ নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালানো হয়। একপর্যায়ে বুধবার সকালে যশোর রেলস্টেশন এলাকায় তার সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর থানায় নিয়ে আসে। নাফিজের ২২ ধারার জবানবন্দি শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কী কারণে বাড়ি থেকে চলে গিয়েছিল এ বিষয়ে নাফিজ জানায়, মাদ্রাসায় পড়াশোনায় পিছিয়ে থাকার কারণে সে সেখানে যেতে চাইত না। কিন্তু পরিবারের সদস্যরা বারবার তাকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করতেন। এ কারণে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি থেকে পালিয়ে সে মনিরামপুর যেয়ে মসজিদে ৬ দিন ছিলো। এরপর যশোর এসে ষ্টেশেনের পাশেই ছিলো। বুধবার বাড়ি আসার জন্য যশোর ষ্টেশনে ঘোরাঘুরি করছিলো। নাফিজকে চেনে এক ব্যক্তি নাফিজকে দেখে বাড়িতে খবর দিলে বাড়ির লোক পুলিশকে জানায়। পুলিশ নাফিজকে উদ্ধার করে তার পিতা মাতার নিকট পৌছে দিয়েছে।
ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নাফিজের বাবা আবুল কাশেম। তিনি বলেন, ছেলেকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। অবশেষে তাকে ফিরে পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন।
নাফিজকে উদ্ধারে সহযোগিতা করায় গণমাধ্যম, সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বাবা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!