শার্শার রাড়িপুকুর গ্রামে মায়ের গাছ বিক্রির টাকায় মাদক সেবন অবশেষে কানধরে উটবস
সমাজের নিউজ ডেক্সঃ মায়ের গাছ বিক্রি করা ৬ হাজার টাকা দিয়ে মাদক সেবনের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামে। ইজ্জত নামে এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি জানার পর মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবকদের সাথ নিয়ে মাঠে নামেন সাবেক ইউপি চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাড়িপুকুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় কয়েকজন যুবক অংশ নেন।
অভিযান কারীরা বলেন, ইজ্জত আলী মা কে চাপের মুখে নিয়ে গাছ বিক্রি করিয়ে ৬ হাজার টাকা নেন এবং সেই টাকা দিয়ে মাদক সেবন করেন। বিষয়টি জানতে পেরে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও স্থানীয় যুবকেরা তাকে আটক করে মায়ের কাছে ক্ষমা চাওয়ান। এ সময় তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে আর মাদক সেবন করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
অভিযান চলাকালে গ্রামের একটি মসজিদের পেছনে ৩ জন যুবককে মাদক সেবন করতে দেখে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে রাড়িপুকুর মাঠের ভেতরে একটি আমগাছের নিচে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে এগিয়ে গেলে তারাও পালিয়ে যান।
সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, আমার বয়স এখন ৬০ বছর। আমি অঙ্গীকার করছি, আমার ইউনিয়নে মাদক নির্মূলে কাজ করব। কোথাও মাদক বিক্রি হলে আমাকে তথ্য দিন। আমি বেচে থাকতে আমার ইউনিয়নে মাদক ব্যবসা চলতে দেব না।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!