সমাজের নিউজ

শারদীয় দুর্গাপূজা শুক্রবার সকাল থেকে শুরু

যশোর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনে যশোরে এবার নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শারদীয় দুর্গাপূজা শুক্রবার সকাল থেকে শুরু
প্রতিটি মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। আনসার সদস্যের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে, যারা সম্প্রীতি বজায় রাখতে এবং বিশৃঙ্খলা রোধে একযোগে কাজ করবেন। বৃহস্পতিবার বিকেলে যশোরের লাল দিঘীপাড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও বিকেলে ৫টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। প্রতিটি মন্দির, মন্ডপে প্রতিমা নির্মাণ এবং সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আলোক বিন্যাস এবং পূজার উপকরণ সংগ্রহের কাজও চলছে প্রথা অনুসরণ করে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দলসমূহের সঙ্গে বৈঠকে প্রতিটি মন্দির ও মণ্ডপে নারী পুরুষের জন্য আলাদা আগমন ও নির্গমন পথ, বিকল্প আলোর ব্যবস্থা, ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা স্থাপন, ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক মোতায়েন,উত্তেজক সঙ্গীত পরিহার, স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সমন্বয়ে নিরাপত্তা কমিটি গঠন এবং সেটি বাস্তবায়নের সার্বিক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, এবার যশোর জেলায় ৭৪৬ টি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১৭০টি, ঝিকরগাছায় ৬১টি, শার্শায় ৩২টি, চৌগাছায় ৫৩টি, কেশবপুরে ১০২টি, মনিরামপুরে ১০৩টি, অভয়নগরে ১৩৩টি এবং বাঘারপাড়ায় ৯২টি। আরো বলা হয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনা প্রদান করেছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের পরিকল্পনায় যশোর জেলার ৮টি উপজেলায় প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক কর্মীরা পূজা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে অভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে যশোর শহরের লালদিঘীর পুকুরপাড়ে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ কন্ট্রোল রুম থেকে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসআরবি, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলসমূহ, বিদ্যুৎ বিভাগ এবং মন্দির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় করা হচ্ছে। দুর্গোৎসবকে ঘিরে একটা বৃহৎ নাগরিক ঐক্য গড়ে তুলে শারদীয় দুর্গাপূজার আয়োজন সাফল্যমন্ডিত করে তুলতে সচেষ্ট হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা প্রতিটি উপজেলায় হিন্দু মুসলিম জনগোষ্ঠীর সম্মিলন ঘটিয়ে সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করে জনমনে ইতিবাচক বার্তা দেবার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ আনন্দ সাহা এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!