বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভারত-এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সমাজের নিউজ ডেক্সঃ বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মিথ্যা অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল পৌর বিএনপি ও পৌরবাসী। মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফ ইন্টারন্যাশনালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি আতিকুজ্জামান সনি নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে বেনাপোল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন। এর মাধ্যমে তিনি মো. আবু তাহের ভারত-এর সামাজিক ও রাজনৈতিক মানহানি করার অপচেষ্টা চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অভিযুক্ত আতিকুজ্জামান সনি বেনাপোল পৌর টার্মিনালে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়, ভারতীয় ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ অর্থ আদায় এবং বৈষম্যবিরোধী পরিস্থিতির সুযোগ নিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আরও জানানো হয়, আতিকুজ্জামান সনির মালিকানাধীন সিএন্ডএফ এজেন্ট ‘কাব্য এন্টারপ্রাইজের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও বন্দর থেকে অবৈধ পণ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অপকর্মের কারণে কাস্টমস কর্তৃক ইতিমধ্যে তার সি এন্ড এফ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর নিজের অপকর্ম ঢাকতে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে আতিকুজ্জামান সনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নানা ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আতিকুজ্জামান সনির অপকর্ম, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের যাবতীয় প্রমাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপরে কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে দলকে বিভ্রান্ত করার অপরাধে সনির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, ৮নং ছোটআঁচড়া ওয়ার্ড সভাপতি আব্দুস সবুর শেখ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!