বেনাপোল বন্দরের শুল্ক ফাঁকির পণ্য পুরান ঢাকায় জব্দ, আটক ৩
সমাজের নিউজ ডেক্সঃ বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া পণ্য চালান পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার একটি গুদাম থেকে ১০২ প্যাকেজ অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শুল্ক ফাঁকি চক্রের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে। আটক এ মালামাল বেনাপোল স্থলবন্দরের ৪১ নং শেড ইনচার্জ কাস্টমস হাউজের এআরও আরমানের সহযোগিতায় শেড থেকে শুল্ককর পরিশোধ না করেই খালাস করা হয়েছিল।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ওয়াইজঘাট এলাকার সামাদ প্লাজায় অভিযান চালিয়ে এপণ্য জব্দ করেন। ঘটনাটি সঠিক তদন্ত করলে শুল্ক ফাঁকির ঘটনার সাথে জড়িত রাঘববোয়ালরা বেরিয়ে পড়বে।
আটককৃতরা হলেন মোঃ সাইফুর রহমান (৩৭), মোঃ সংগ্রাম হোসেন (৩০) ও মোঃ বাবু (৩৭)।
এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সামাদ প্লাজার নিচে অবস্থিত একটি গুদামে অবৈধভাবে ভারতীয় কাপড় মজুদ রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতীয় কাপড় সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা কাপড়ের উৎস এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমান ভারতীয় ফেব্রিক্স জব্দ করা হয়েছে। এসময় হাতে নাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে জড়িত আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। #
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!